উদ্যোগ

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

ক.বি.ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি। এ লক্ষ্যে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। বাংলাদেশে ক্যাশলেস আর্থিক সেবার পরিসর বাড়ানোই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

গতকাল বুধবার (৪ মার্চ) স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুক্তিটি সই হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ (শাওফেং) চুক্তিতে স্বাক্ষর করেন।

‘মুক্ত পে’ হুয়াওয়ের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্ম ব্যবহার করে নিরাপদ, তাৎক্ষণিক ও বড়-অঙ্কের ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে। প্ল্যাটফর্মটি তাৎক্ষণিক ক্যাশলেস অর্থ পরিশোধ ও ট্রান্সফার করার সুবিধা দেবে। পুরো প্রক্রিয়ায় ব্যাংকিং খাতের মতোন মানসম্মত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফলে সেবাটি হবে আরও নির্ভরযোগ্য।

‘মুক্ত’ শব্দের অর্থ স্বাধীন। এই নামের মাধ্যমে আর্থিক সেবা সবার কাছে সহজলভ্য করার বাংলালিংকের লক্ষ্যকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, সারা দেশে মোবাইল সংযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটির ভূমিকাও এ নামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে অবদান রাখার পাশাপাশি ব্যাংকসেবার বাইরে থাকা এবং সীমিত ব্যাংকসেবা পাওয়া জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *