সাম্প্রতিক সংবাদ

ভিপিএন সংযোগে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে নির্বাচনী ফলাফল প্রেরণে ইসির নির্দেশনা

ক.বি.ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভিপিএন সংযোগ ব্যবহার করে নির্বাচনের ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য প্রেরণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয় থেকে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে ভিপিএন সংযোগ ব্যবহার করে নির্বাচন ফলাফল ও অন্যান্য তথ্য পাঠাতে হবে।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সঙ্গে বিটিসিএল, টেলিটক, গ্রামীণফোন অথবা সিসকো এনিকানেক্ট-এর মাধ্যমে ভিপিএন সংযোগ ব্যবহার করে নির্বাচনী তথ্য পাঠাতে হবে। এ লক্ষ্যে নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত অপারেটরদের কারিগরি সহায়তার দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে মোবাইল অপারেটরের ভিপিএন সিম রিপ্লেসমেন্ট, গ্রামীণফোনের অতিরিক্ত সংযোগ সচলকরণ এবং মোবাইল ভিপিএন ডেটা সংক্রান্ত কারিগরি সহায়তার প্রয়োজন হলে অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত অপারেটরদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় যদি সংশ্লিষ্ট জেলা, উপজেলা বা থানা নির্বাচন অফিসের নিকটবর্তী হয়, সে ক্ষেত্রে বিটিসিএলের ভিপিএন সংযোগ ব্যবহারের জন্য ফাইবার অপটিক ক্যাবল অথবা ইথারনেট ক্যাবলের মাধ্যমে সংযোগ গ্রহণ করা যাবে। সংযোগ স্থাপনের পর ব্যবহৃত ডেস্কটপ বা ল্যাপটপের এমএসি এড্রেস প্রেরণ করতে হবে এবং নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসার কর্তৃক ভিপিএন সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বাধ্যতামূলকভাবে সিসকো এনিকানেক্ট সফটওয়্যার ব্যবহারের সুযোগ রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে আইএসপির মাধ্যমে ন্যূনতম ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ল্যাপটপে সিসকো এনিকানেক্ট সফটওয়্যার ইনস্টলেশনের জন্যও অঞ্চলভিত্তিক অপারেটরদের কাছ থেকে সহায়তা নেয়া যাবে। সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড যথাসময়ে জেলা নির্বাচন অফিসারদের মোবাইলে পাঠানো হবে।

এ ছাড়া নির্বাচনকালীন আইএসপির নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা এবং রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন অফিসের কার্যালয়ের ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা বিটিসিএলের ভিপিএন নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক (টেলিটক, গ্রামীণফোন) অথবা আইএসপির উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে সিসকো এনিকানেক্ট-এই যে কোনো মাধ্যমে নির্বাচনী তথ্য প্রেরণ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *