অন্যান্য টিপস

ভিডিও এডিটিংয়ের জন্য সেরা ল্যাপটপ, কোনটি কার জন্য?

ভিডিও এখন আর শুধু বিনোদনের মাধ্যম নয়। ব্যবসা, ডিজিটাল বিপণন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে পেশাদার কনটেন্ট তৈরি প্রায় সব ক্ষেত্রেই ভিডিওর ব্যবহার বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ৪কে থেকে ৮কে ভিডিও, এআই-নির্ভর এডিটিং, কালার গ্রেডিং, কম্পোজিটিং এবং জটিল ভিজ্যুয়াল ইফেক্টের কাজ। এসব কাজের জন্য তাই সাধারণ ল্যাপটপের তুলনায় প্রয়োজন বেশি প্রসেসিং ক্ষমতা, দ্রুতগতির স্টোরেজ এবং শক্তিশালী গ্রাফিকস।

ভিডিও এডিটিংয়ের জন্য বাজারে এখন বিভিন্ন ধরনের ল্যাপটপ পাওয়া যায়। অ্যাপলের ম্যাকবুক প্রো থেকে শুরু করে আরটিএক্স গ্রাফিকসযুক্ত উইন্ডোজ ওয়ার্কস্টেশন প্রতিটি মডেলের লক্ষ্য ও ব্যবহারকারী আলাদা। কোনোটি পেশাদার ভিডিও এডিটরের জন্য, কোনোটি কনটেন্ট ক্রিয়েটরের জন্য, আবার কোনোটি একই সঙ্গে ভিডিও এডিটিং ও গেমিংয়ের কাজ সামলাতে পারে।

ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপ বাছাইয়ের ক্ষেত্রে শুধু প্রসেসর বা গ্রাফিকসের ক্ষমতা দেখলেই হবে না। র‍্যাম, পর্দার রঙের নির্ভুলতা, স্টোরেজের গতি ও ধারণক্ষমতা, সংযোগ সুবিধা, ব্যাটারি, শীতলীকরণ ব্যবস্থা, বহনযোগ্যতা এবং মূল্য সবকিছু বিবেচনায় নেয়া জরুরি। সেই বিবেচনায় বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য উল্লেখযোগ্য কয়েকটি ল্যাপটপ হলো-

অ্যাপল ম্যাকবুক প্রো ১৬ ইঞ্চি এম৫ প্রো
পেশাদার ভিডিও এডিটিংয়ের জন্য অ্যাপল ম্যাকবুক প্রো ১৬ ইঞ্চি এম৫ প্রো অন্যতম শক্তিশালী বিকল্প। এতে রয়েছে ১৮ কোরের প্রসেসর, সর্বোচ্চ ২০ কোরের গ্রাফিকস এবং ৩০৭ জিবি/সেকেন্ড মেমোরি ব্যান্ডউইডথ। এই মডেলে এইচ.২৬৪, এইচইভিসি, প্রোরেস র এবং এভি১ ভিডিওর জন্য বিশেষায়িত মিডিয়া ইঞ্জিন রয়েছে।

ল্যাপটপটির ১৬.২ ইঞ্চির লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ ১,০০০ নিট স্থায়ী পূর্ণ-পর্দা উজ্জ্বলতা এবং এইচডিআর কনটেন্টে সর্বোচ্চ ১,৬০০ নিট উজ্জ্বলতা। সঙ্গে রয়েছে প্রশস্ত পিথ্রি রঙ পরিসর এবং ১২০ হার্টজ পর্যন্ত প্রোমোশন সুবিধা। শুরুতেই পাওয়া যায় ২৪ গিগাবাইট ইউনিফায়েড মেমোরি। এটি পেশাদার ভিডিও এডিটর, ফিল্মমেকার ও দীর্ঘ সময় ধরে উচ্চক্ষমতার এডিটিং কাজ করা ব্যবহারকারীদের জন্য।

আসুস প্রোআর্ট পি১৬
পেশাদার কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে তৈরি আসুস প্রোআর্ট পি১৬-এ রয়েছে এএমডি রাইজেন এঅই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর। গ্রাফিকস হিসেবে কনফিগারেশনভেদে আরটিএক্স ৪০৬০ থেকে আরটিএক্স ৫০৯০ ল্যাপটপ জিপিইউ পর্যন্ত বেছে নেয়ার সুযোগ রয়েছে।

ল্যাপটপটির ১৬ ইঞ্চির ৪কে ওএলইডি ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,৬০০ নিট এইচডিআর উজ্জ্বলতা এবং ১০০ শতাংশ ডিসিআই-পিথ্রি রঙ পরিসর। প্যান্টন অনুমোদিত ডিসপ্লে হওয়ায় রঙনির্ভুল ভিডিও এডিটিং ও কনটেন্ট তৈরিতে এটি বিশেষভাবে উপযোগী। এটি পেশাদার ভিডিও এডিটর, ফটোগ্রাফার, ডিজাইনার ও কনটেন্ট ক্রিয়েটরেদর জন্য।

অ্যাপল ম্যাকবুক প্রো ১৪ ইঞ্চি এম৫
যারা নিয়মিত বাড়ি, অফিস ও শুটিং লোকেশনের মধ্যে চলাফেরা করেন, তাদের জন্য ১৪ ইঞ্চির অ্যাপল ম্যাকবুক প্রো ১৪ ইঞ্চি এম৫ আকর্ষণীয় বিকল্প। এতে রয়েছে ১৪.২ ইঞ্চির লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে এবং সর্বোচ্চ ৪৮ গিগাবাইট ইউনিফায়েড মেমোরি। এম৫ চিপে রয়েছে ১৫ কোরের প্রসেসর ও ১৬ কোরের গ্রাফিকস।

ভিডিও এডিটিংয়ের প্রয়োজনীয় বিভিন্ন ফরম্যাটের হার্ডওয়্যার ত্বরান্বিতকরণ রয়েছে এতে। অ্যাপলের হিসাবে, সাধারণ ভিডিও দেখার ক্ষেত্রে ব্যাটারি সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। সংযোগের ক্ষেত্রে রয়েছে তিনটি থান্ডারবোল্ট ৪, এইচডিএমআই, এসডিএক্সসি, ম্যাগসেফ এবং হেডফোন পোর্ট। যাদের শক্তিশালী এডিটিং পারফরম্যান্সের পাশাপাশি হালকা ও বহনযোগ্য ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য।

এসার প্রিডেটর হেলিওস নিও ১৬এস এআই
গেমিং ল্যাপটপ হলেও ভিডিও এডিটিংয়ের জন্য এসার প্রিডেটর হেলিওস নিও ১৬এস এআই বেশ শক্তিশালী বিকল্প। এতে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৯০এইচএক্স প্লাস প্রসেসর, আরটিএক্স ৫০৭০ টিআই গ্রাফিকস এবং ৩২ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম।

১৬ ইঞ্চির ২৫৬০×১৬০০ ওএলইডি ডিসপ্লেতে রয়েছে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০ শতাংশ ডিসিআই-পিথ্রি রঙ পরিসর। প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসোলভ ও আফটার ইফেক্টস-এর মতো সফটওয়্যারে ভারী কাজ সামলানোর সক্ষমতা রয়েছে এতে। এটি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি গেমিং করতে চান এমন ব্যবহারকারীদের জন্য।

এইচপি ওমেন ১৬ ওএলইডি
তুলনামূলক কম বাজেটে শক্তিশালী ভিডিও এডিটিং ল্যাপটপ খুঁজলে এইচপি ওমেন ১৬ ওএলইডি বিবেচনা করা যেতে পারে। এতে রয়েছে ইন্টেল এর কোর আল্ট্রা প্রসেসর, সর্বোচ্চ আরটিএক্স ৫০৭০ গ্রাফিকস, ৬৪ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৫ র‍্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত এসএসডি।

১৬ ইঞ্চির ২৫৬০×১৬০০ ওএলইডি ডিসপ্লেতে রয়েছে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৫০০ নিট এসডিআর এবং সর্বোচ্চ ১,১০০ নিট এইচডিআর উজ্জ্বলতা। ডিসপ্লেটি ১০০ শতাংশ ডিসিআই-পিথ্রি রঙ পরিসর সমর্থন করে। তবে কনফিগারেশনভেদে পারফরম্যান্সে বড় পার্থক্য থাকতে পারে। নিয়মিত ৪কে ভিডিও এডিটিংয়ের জন্য অন্তত ৩২ গিগাবাইট র‍্যাম এবং শক্তিশালী জিপিইউ সমৃদ্ধ সংস্করণ বেছে নেয়া ভালো। তুলনামূলক কম খরচে শক্তিশালী উইন্ডোজ ল্যাপটপ খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য।

রেজার ব্লেড ১৬
উচ্চক্ষমতার ল্যাপটপ প্রয়োজন এমন পেশাদার ভিডিও এডিটরদের জন্য রেজার ব্লেড ১৬ শক্তিশালী বিকল্প। এতে সর্বোচ্চ আরটিএক্স ৫০৯০ ল্যাপটপ জিপিইউ, ইন্টেল কোর আল্ট্রা ৯ ৩৮৬এইচ প্রসেসর এবং ৬৪ গিগাবাইট পর্যন্ত এলপিডিডিআর৫এক্স ৯৬০০ মেমোরি পাওয়া যায়।

১৬ ইঞ্চির কিউএইচডি+ ২৪০ হার্টজ ওএলইডি ডিসপ্লের পাশাপাশি আরটিএক্স ৫০৯০ সংস্করণে রয়েছে ২৪ গিগাবাইট জিডিডিআর৭ ভিডিও মেমোরি। ফলে ভারী গ্রাফিকস, কম্পোজিটিং, থ্রিডি কাজ এবং ডাভিঞ্চি রিসোলভ-এর জটিল টাইমলাইনের মতো কাজে এটি কার্যকর। এটি পেশাদার ভিডিও এডিটর, ভিএফএক্স শিল্পী ও থ্রিডি কনটেন্ট নির্মাতাদের জন্য।

স্যামসাং গ্যালাক্সি বুক৬ আল্ট্রা
পাতলা ও তুলনামূলক বহনযোগ্য ১৬ ইঞ্চির উইন্ডোজ ল্যাপটপে শক্তিশালী আলাদা জিপিইউ যুক্ত করেছে স্যামসাং গ্যালাক্সি বুক৬ আল্ট্রা। এতে ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরের সঙ্গে আরটিএক্স ৫০৬০ বা আরটিএক্স ৫০৭০ গ্রাফিকস এবং ৩২ বা ৬৪ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স মেমোরি রয়েছে।

১৬ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লেতে রয়েছে ডব্লিউকিউএক্সজিএ+ রেজ্যুলেশন, ১২০ হার্টজ অভিযোজিত রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১,০০০ নিট এইচডিআর উজ্জ্বলতা এবং টাচ সুবিধা। সর্বোচ্চ ২ টেরাবাইট স্টোরেজের পাশাপাশি স্টোরেজ বাড়ানোর সুবিধাও রয়েছে। শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি পাতলা ও বহনযোগ্য উইন্ডোজ ল্যাপটপ চান এমন ক্রিয়েটরদের জন্য।

লেনোভো থিংকপ্যাড পি১ জেন ৮
পেশাদার ওয়ার্কস্টেশন প্রয়োজন এমন ভিডিও এডিটরদের জন্য লেনোভো থিংকপ্যাড পি১ জেন ৮ তৈরি। এতে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা এইচ সিরিজ প্রসেসর, সর্বোচ্চ ৬৪ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স মেমোরি এবং এনভিডিয়া আরটিএক্স প্রো গ্রাফিকস।

স্টোরেজ এর অন্যতম শক্তি। এতে দুটি এম.২ ড্রাইভে সর্বোচ্চ ৪ টেরাবাইট করে মোট ৮ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যায়। থান্ডারবোল্ট ও এইচডিএমআই-এর মাধ্যমে একসঙ্গে একাধিক বাহ্যিক ডিসপ্লে চালানোও সম্ভব। এটি বড় ভিডিও ফাইল, একাধিক প্রজেক্ট এবং পেশাদার ওয়ার্কফ্লো নিয়ে কাজ করা ব্যবহারকারীদের জন্য।

এমএসআই ক্রিয়েটর এ১৬ এআই+
গেমিং ল্যাপটপ ও পেশাদার ক্রিয়েটর ওয়ার্কস্টেশনের মাঝামাঝি অবস্থানে রয়েছে এমএসআই ক্রিয়েটর এ১৬ এআই+। এতে এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ আরটিএক্স ৪০৭০ গ্রাফিকস পাওয়া যায়। ডিসপ্লের ক্ষেত্রে রয়েছে ১৬ ইঞ্চির কিউএইচডি+ ২৪০ হার্টজ, ৩.৮কে ১২০ হার্টজ মিনি-এলইডি এবং ওএলইডি বিকল্প। ফলে ব্যবহারকারীর কাজ ও বাজেট অনুযায়ী ডিসপ্লে বেছে নেয়ার সুযোগ রয়েছে।

তবে কেনার সময় নির্দিষ্ট মডেলের ডিসপ্লে, জিপিইউ এবং অন্যান্য হার্ডওয়্যার কনফিগারেশন যাচাই করা জরুরি। এটি ভিডিও এডিটিং, ডিজাইন ও অন্যান্য ক্রিয়েটিভ কাজের জন্য বহুমুখী ল্যাপটপ খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য।

আসুস আরওজি জেফিরাস জি১৬
দিনে ভিডিও এডিটিং এবং অবসরে গেমিং দুই ধরনের কাজের জন্য আসুস আরওজি জেফিরাস জি১৬ কার্যকর বিকল্প। ২০২৬ মডেলে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ৩৮৬এইচ প্রসেসর এবং আরটিএক্স ৫০৬০ থেকে আরটিএক্স ৫০৯০ পর্যন্ত গ্রাফিকসের বিকল্প।

১৬ ইঞ্চির ২.৫কে ওএলইডি ডিসপ্লেতে রয়েছে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০ শতাংশ ডিসিআই-পিথ্রি রঙ পরিসর, জি-সিঙ্ক এবং প্যান্টন অনুমোদন। ফলে গেমিংয়ের পাশাপাশি রঙনির্ভুল ভিডিও সম্পাদনার কাজেও ডিসপ্লেটি উপযোগী। একই ল্যাপটপে পেশাদার কাজ ও গেমিং দুই ধরনের অভিজ্ঞতা চান এমন ব্যবহারকারীদের জন্য।

ভিডিও এডিটিংয়ের জন্য কত র‍্যাম প্রয়োজন?
ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় র‍্যামের পরিমাণ কাজের ধরন ও ভিডিওর রেজ্যুলেশনের ওপর নির্ভর করে। সাধারণ ফুল এইচডি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ১৬ গিগাবাইট র‍্যাম দিয়ে শুরু করা সম্ভব। তবে নিয়মিত ৪কে ভিডিও এডিটিং করলে ৩২ গিগাবাইট র‍্যাম বেশি স্বাচ্ছন্দ্য দেবে। অন্যদিকে জটিল ভিজ্যুয়াল ইফেক্ট, মাল্টি-লেয়ার টাইমলাইন এবং ৬কে বা ৮কে ভিডিও নিয়ে কাজ করলে ৬৪ গিগাবাইট বা তার বেশি র‍্যাম প্রয়োজন হতে পারে।

র‍্যামের পাশাপাশি দ্রুতগতির এসএসডিও গুরুত্বপূর্ণ। ভিডিও ফাইলের আকার বড় হওয়ায় ধীরগতির স্টোরেজ এডিটিংয়ের পুরো ওয়ার্কফ্লোকে ধীর করে দিতে পারে। একই সঙ্গে কালার গ্রেডিংয়ের জন্য রঙনির্ভুল ডিসপ্লে, প্রয়োজনীয় পোর্ট, কার্যকর কুলিং সিস্টেম এবং পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করা উচিত।

শুধু শক্তিশালী প্রসেসর বা জিপিইউ দেখলেই হবে না
ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপ বেছে নেয়ার সময় সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো শুধু প্রসেসর ও জিপিইউ-এর স্পেসিফিকেশন দেখে সিদ্ধান্ত নেয়া। একটি ল্যাপটপে শক্তিশালী প্রসেসর থাকলেও দুর্বল ডিসপ্লে, অপর্যাপ্ত র‍্যাম, ধীরগতির এসএসডি বা দুর্বল কুলিং ব্যবস্থা থাকলে বাস্তব কাজে কাঙ্ক্ষিত পারফরম্যান্স নাও পাওয়া যেতে পারে। কোন সফটওয়্যারে কাজ করা হবে, সেটিও গুরুত্বপূর্ণ।

প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসোলভ, আফটার ইফেক্টস বা অন্য কোনো সফটওয়্যারের হার্ডওয়্যার চাহিদা এক নয়। একইভাবে নিয়মিত ৪কে ফুটেজ এডিট করা এবং মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ফুল এইচডি ভিডিও তৈরি করার প্রয়োজনও এক নয়।

বাজেটের সঙ্গে পুরো এডিটিং সেটআপের খরচও বিবেচনায় রাখুন
ভিডিও এডিটিংয়ের ল্যাপটপ কেনার সময় শুধু ল্যাপটপের মূল্য হিসাব করলেই হবে না। ভিডিও এডিটিং সফটওয়্যার, প্রয়োজনীয় প্লাগইন, স্টক ভিডিও বা অন্যান্য কনটেন্ট, অনলাইন স্টোরেজ এবং ব্যাকআপ ড্রাইভের খরচও মোট বাজেটের অংশ। বিশেষ করে পেশাদার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বড় ধারণক্ষমতার বাহ্যিক এসএসডি বা এইচডিডি, ক্লাউড স্টোরেজ এবং ব্যাকআপ ব্যবস্থা প্রয়োজন হতে পারে। ফলে ল্যাপটপ কেনার আগে পুরো এডিটিং ওয়ার্কফ্লোর সম্ভাব্য খরচ হিসাব করা বুদ্ধিমানের কাজ।

ভিডিও এডিটিংয়ের জন্য ‘সেরা’ ল্যাপটপ সবার জন্য একই নয়। তাই ল্যাপটপ কেনার আগে নিজের কাজের ধরন, ব্যবহৃত সফটওয়্যার, ভিডিওর রেজ্যুলেশন, প্রয়োজনীয় র‍্যাম ও জিপিইউ, ডিসপ্লের মান, স্টোরেজ, বহনযোগ্যতা এবং বাজেট সবকিছু একসঙ্গে বিবেচনা করা উচিত। শুধু সবচেয়ে বেশি স্পেসিফিকেশন নয়, নিজের বাস্তব কাজের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানানসই ল্যাপটপটিই হবে সেরা পছন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *