বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন করল বিওয়াইডি বাংলাদেশ
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি এই ঈদে নিয়ে এসেছে সর্বাধুনিক ডিএম-আই সুপার প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির ‘বিওয়াইডি সিলায়ন ৫’। নতুন এই গাড়িতে রয়েছে অ্যাডভান্সড ডিএমআই সুপার প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন ও ১৫০০ সিসির শক্তিশালী ইলেকট্রিক মোটর। ডুয়েল-পাওয়ার সিস্টেম থাকায় গাড়িটি সর্বোচ্চ ১,০০০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ প্রদান করতে সক্ষম। এতে রয়েছে ৭১ কিলোমিটার পর্যন্ত পিওর ইলেকট্রিক রেঞ্জ।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘এভরিডে এসইউভি’ হিসেবে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন করেছে বিওয়াইডি বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের এবং বিওয়াইডি বাংলাদেশের হেড অব সেলস ফাহমিদ ফেরদৌস।
বাংলাদেশিদের দৈনন্দিন যাতায়াতকে সুগম করার পাশাপাশি, সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করতে ‘এভরিডে এসইউভি’ হিসেবে সিলায়ন ৫ নিয়ে এসেছে বিওয়াইডি। দীর্ঘ ভ্রমণে রেঞ্জ এঞ্জাইটির দুশ্চিন্তা ছাড়াই যাতায়াতের পূর্ণ স্বাধীনতা পাওয়া যাবে। গাড়িটি সর্বোচ্চ ১৫৬ কিলোওয়াট শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, যা মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম।
পারফরম্যান্সের পাশাপাশি, সেফটি ও কম্ফোর্টের ওপর গুরুত্ব দিয়ে সিলায়ন ৫ ডিজাইন করা হয়েছে। গাড়িটিতে সাতটি এয়ারব্যাগ, ইন্ডাস্ট্রির সেরা বিওয়াইডি ব্লেড ব্যাটারি, ভেহিকেল-টু-লোড (ভিটুএল) ফাংশন ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ব্যবহার করা হয়েছে। গাড়িটির ভেতরে প্রশস্ত ও আধুনিক কেবিন লেআউটের সাথে নিখুঁতভাবে খাপ খায় এমন ১২.৮ ইঞ্চির বিশাল ইনফোটেইনমেন্ট ডিসপ্লে ও প্যানোরামিক সানরুফ ব্যবহার করা হয়েছে।
কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইট, আটলান্টিস গ্রে ও হারবার গ্রে এই চারটি রঙে বিওয়াইডি সিলায়ন ৫ নিয়ে আসা হয়েছে। প্রথম ৫০০ জন গ্রাহকের জন্য গাড়িটির মূল্য ৪৭.৯০ লাখ টাকা। সঙ্গে ওয়ারেন্টি প্যাকেজও থাকছে- ট্র্যাকশন ব্যাটারির ক্ষেত্রে ৮ বছর বা ১,৬০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, মোটরে ৮ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি এবং পুরো গাড়ির ক্ষেত্রে ৬ বছর বা ১,৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি।





