উদ্যোগ

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬-এর নিবন্ধন শুরু

ক.বি.ডেস্ক: বাংলাদেশে প্রযুক্তিখাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ (বিডিজিপিসি)। বিডিজিপিসি দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, যার মূল লক্ষ্য সমস্যা সমাধান, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশের ক্ষেত্রে মেয়ে শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করা।

বিডিজিপিসি ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে যা সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রিলিমিনারি রাউন্ড অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এবং ২৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই আয়োজনে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করা যাবে এখানে tinyurl.com/yhf7dmne এই লিংকে এবং বিস্তারিত https://bdosn.org/olympiads/bdgpc এই লিংকে।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথ উদ্যোগে এই বিডিজিপিসি ২০২৬ পরিচালনা করবে। সম্প্রতি এ লক্ষ্যে বিএফএফ এবং বিডিওএসএন-এর মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও বিডিওএসএন- এর সভাপতি মুনির হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।

বিডিজিপিসি ২০২৬ স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। নিবন্ধনকারীর সংখ্যার ভিত্তিতে অনলাইন বা আঞ্চলিক প্রিলিমিনারি রাউন্ডের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় ফাইনালে অংশগ্রহণের সুযোগ পাবে। পাশাপাশি দেশজুড়ে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাক্টিভেশন সেশন, মিনি ক্যাম্প এবং অংশগ্রহণকারীদের জন্য ৫ দিনের নিবিড় অনলাইন ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হবে, যাতে নতুন শিক্ষার্থীরাও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হতে পারে এবং মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *