সাম্প্রতিক সংবাদ

বাংলাদেশে নতুন করে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন

ক.বি.ডেস্ক: বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্নত সংযোগ প্রযুক্তিতে নতুন করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। একই সঙ্গে ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলারের বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে সহায়তার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভিওনের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা। বৈঠকে দেশের ডিজিটাল ও আর্থিক বৈষম্য কমানো এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। ভিওনের প্রতিনিধিদলে আরও ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মিশিয়েল সোয়েটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

বৈঠকে ভিওন বাংলাদেশে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক সেবাব্যবস্থা (ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম) গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে। বৈশ্বিক ফিনটেক খাতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সহজলভ্য ডিজিটাল ব্যাংকিং, ক্ষুদ্রঋণ (মাইক্রোফাইন্যান্স) এবং ক্ষুদ্র বিমা (মাইক্রো-ইনস্যুরেন্স) সেবা পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। এসব উদ্যোগ দেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করবে। একই সঙ্গে ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে ভিওন তাদের ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের রূপরেখাও উপস্থাপন করে। বাংলাদেশ সরকার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে উদ্যোগটি বাস্তবায়নের প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যকে সহায়তা করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

উদ্যোগটির অংশ হিসেবে বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই আকর্ষণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভিওন। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারী হিসেবে প্রাথমিকভাবে ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সম্ভাব্য বিনিয়োগের প্রধান ক্ষেত্র হিসেবে পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত সংযোগ প্রযুক্তির কথা উল্লেখ করা হয়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগে উৎসাহিত করতে নিজেদের বৈশ্বিক নেটওয়ার্ক কাজে লাগানোর কথাও জানায় ভিওন।

ভিওন গ্রুপের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা বলেন, ‘‘বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার যাত্রায় দীর্ঘমেয়াদি অংশীদার হতে চায় ভিওন। ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগের মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের এফডিআই আকর্ষণে প্রধান বিনিয়োগকারী হিসেবে কাজ করতে প্রতিষ্ঠানটি প্রস্তুত। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদেরও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে।’’

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, ‘‘দেশের ডিজিটাল ও আর্থিক রূপান্তরের যাত্রায় সরকারের অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। ধারাবাহিক বিনিয়োগ, উদ্ভাবন ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে কার্যকর ডিজিটাল ও আর্থিক সেবা পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।’’

ভবিষ্যতে বাংলাদেশে ডিজিটাল কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানায় ভিওন। এ লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, রাইড শেয়ারিং, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তিসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *