সাম্প্রতিক সংবাদ

ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে ‘ফুয়েল পাস’ অ্যাপ

ক.বি.ডেস্ক: জ্বালানি তেলের ওপর বাড়তি চাপ কমানো এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফেরাতে সরকার চালু করেছে অনলাইনভিত্তিক ‘ফুয়েল পাস’ ব্যবস্থা। এই উদ্যোগের আওতায় গ্রাহকদের নির্দিষ্ট একটি ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে চার ধাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সফলভাবে নিবন্ধন শেষ হলে গ্রাহকরা ‘ফুয়েল পাস’ কার্ড পাবেন, যা তেল সংগ্রহের জন্য হিসেবে ব্যবহৃত হবে।

জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে চালু করা হয়েছে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ। নতুন এই ব্যবস্থায় চালকদের নির্ধারিত বরাদ্দ অনুযায়ী অ্যাপের মাধ্যমে তথ্য যাচাই করে তেল নিতে হবে। প্রাথমিকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য এই সেবা চালু হয়েছে। তবে পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

পাম্পে তেল নেয়ার সময় নির্ধারিত কিউআর কোডটি স্ক্যান করলেই চালকের জন্য বরাদ্দকৃত তেলের পরিমাণ দেখা যাবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে কিউআর কোডটি প্রিন্ট (Print QR Code) করে সঙ্গে রাখতে পারবেন। বর্তমানে মোটরসাইকেল চালকরা এই পাস কার্ডের জন্য আবেদন করতে পারছেন। এর মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন, সেটির হিসাব পাওয়া যাবে।

আজ থেকে পরীক্ষামূলকভাবে ঢাকার দুটি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে মোটরসাইকেলের জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। আপাতত রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেল চালকরা এই সেবা গ্রহণ করতে পারছেন। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে দ্রুতই এটি বড় পরিসরে চালু হবে।

আপনি যদি একজন বাইকার হন এবং ঝামেলাহীনভাবে জ্বালানি সংগ্রহ করতে চান, তবে এখনই জেনে নিন কীভাবে ডিজিটাল এই ফুয়েল পাসের জন্য নিবন্ধন করবেন।

নিবন্ধনের জন্য প্রয়োজন হবে
যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর। চ্যাসিস নম্বর ও ইঞ্জিন নম্বর। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর। যানবাহনের উৎপাদনের বছর। সক্রিয় একটি মোবাইল নম্বর।

নিবন্ধন প্রক্রিয়া
ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে আপনার স্মার্টফোন বা কমপিউটার থেকে জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের নির্ধারিত ওয়েবসাইট fuelpass.gov.bd লিংকে প্রবেশ করুন।
তথ্য যাচাই: ওয়েবসাইটের পোর্টালে আপনার যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর, এনআইডি এবং উৎপাদনের বছর সঠিকভাবে ইনপুট দিন। সব ঠিক থাকলে ‘যানবাহন যাচাই করুন’ অপশনে ক্লিক করুন।

মোবাইল নম্বর ও ওটিপি: তথ্য মিলে গেলে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি (এককালীন পাসওয়ার্ড) কোডটি নির্দিষ্ট ঘরে বসিয়ে যাচাই করুন।
পাসওয়ার্ড সেট: সবশেষে নিজের পছন্দমতো একটি পাসওয়ার্ড সেট করে নিবন্ধন সম্পন্ন করুন।

নিবন্ধন হয়ে গেলে আপনি একটি নিজস্ব কিউআর কোড পাবেন। ফিলিং স্টেশনে তেল নেয়ার সময় এই কোডটি প্রদর্শন করলেই স্বচ্ছতার সঙ্গে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।

বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে তেল বিতরণের ফলে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট এবং ভোগান্তি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল নেয়ায় কৃত্রিম সংকট তৈরি হয়। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রতিটি যানবাহনের জন্য নির্ধারিত বরাদ্দ নিশ্চিত হবে। তৎক্ষণাৎ নজরদারি করা যাবে। তেল চুরির সুযোগ কমবে এবং পাম্পে ভিড় হ্রাস পাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *