প্যান্থার লেক প্রসেসর ও ১৯ ঘণ্টা ব্যাটারি সুবিধায় নতুন লেনোভো গেমিং ল্যাপটপ
ক.বি.ডেস্ক: বিশ্ববাজারে নতুন ১৫ ইঞ্চি গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো। নতুন লেনোভো এলওকিউ এসেনশিয়াল ১৫ আইপিএইচ ১১ মডেলটিতে রয়েছে ইন্টেলের নতুন প্রজন্মের প্যান্থার লেক প্ল্যাটফর্ম, শক্তিশালী আর্ক বি৩৯০ সমন্বিত গ্রাফিক্স এবং সর্বোচ্চ ১৯ ঘণ্টার ব্যাটারি লাইফ।
লেনোভোর নতুন এই ল্যাপটপটিতে আলাদা গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করা হয়নি। এর পরিবর্তে ইন্টেল কোর আল্ট্রা এক্স৭ ৩৫৮এইচ প্রসেসরের সঙ্গে থাকা আর্ক বি৩৯০ সমন্বিত গ্রাফিক্স ব্যবহৃত হয়েছে। ফলে প্রচলিত অনেক গেমিং ল্যাপটপের তুলনায় এটি কম বিদ্যুৎ ব্যবহার করে দীর্ঘ সময় ব্যাটারি সুবিধা দিবে।
রয়েছে ১৫ দশমিক ৩ ইঞ্চি আইপিএস পর্দা। এর রেজ্যুলেশন ১৯২০×১২০০ পিক্সেল এবং পর্দার অনুপাত ১৬:১০। গেমিং অভিজ্ঞতা আরও স্বচ্ছন্দ করতে এতে রয়েছে ১৬৫ হার্টজ রিফ্রেশ হার। পাশাপাশি পর্দাটি শতভাগ এসআরজিবি রঙের পরিসর সমর্থন করে এবং সর্বোচ্চ ৩০০ নিট উজ্জ্বলতা দিতে সক্ষম। পর্দায় অ্যান্টি-গ্লেয়ার আবরণও রয়েছে।
ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট উচ্চগতির এলপিডিডিআর৫এক্স মেমোরি ব্যবহারের সুযোগ রয়েছে। মডেল ভেদে মেমোরির গতি ৮ হাজার ৫৩৩ অথবা ৯ হাজার ৬০০ মেগাট্রান্সফার প্রতি সেকেন্ড পর্যন্ত হতে পারে। দ্রুতগতির সংরক্ষণ সুবিধার জন্য এতে দুটি এম.২ ২২৮০ স্লটও রাখা হয়েছে।
৬০ ওয়াট-আওয়ার ব্যাটারির এই ল্যাপটপটি ১৫০ নিট উজ্জ্বলতায় স্থানীয়ভাবে সংরক্ষিত ১০৮০পি ভিডিও চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ল্যাপটপটি ১৩৫ ওয়াটের স্লিম টিপ চার্জিং সুবিধা সমর্থন করে। ওজনে প্রায় ২ দশমিক ১ কেজির ল্যাপটপটির দৈর্ঘ্য ৩৪৪ দশমিক ৯ মিলিমিটার, প্রস্থ ২৫৪ দশমিক ৮৩ মিলিমিটার এবং পুরুত্ব ২০ দশমিক ৯ থেকে ২৩ দশমিক ২৫ মিলিমিটার।
২০২৬ সালে ইন্টেলভিত্তিক এলওকিউ সিরিজে এটি লেনোভোর তৃতীয় গেমিং ল্যাপটপ। এর আগে প্রতিষ্ঠানটি প্যান্থার লেক প্রসেসর ও এনভিডিয়ার আলাদা গ্রাফিক্স সুবিধা সহ এলওকিউ ১৫ আইপিএইচ ১১ উন্মোচন করেছে। নতুন এসেনশিয়াল সংস্করণটিতে আলাদা গ্রাফিক্স বাদ দিয়ে ইন্টেলের আর্ক বি৩৯০ সমন্বিত গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে।
বর্তমানে ল্যাপটপটির মূল্য ও বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রির সময়সূচি জানানো হয়নি। তবে লেনোভোর তথ্য অনুযায়ী, এটি বিশ্বব্যাপী বাজারে উন্মোচন করা হবে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর ও ভিয়েতনামের জন্য লেনোভোর ওয়েবসাইটে ল্যাপটপটি ‘শিগগিরই আসছে’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
নতুন এই মডেলের মাধ্যমে দীর্ঘ ব্যাটারি সুবিধা, উচ্চ রিফ্রেশ হারের পর্দা এবং ইন্টেলের নতুন প্রজন্মের সমন্বিত গ্রাফিক্সের সমন্বয়ে তুলনামূলকভাবে ভিন্নধর্মী গেমিং ল্যাপটপের অভিজ্ঞতা দিতে চায় লেনোভো।





