পর্দা নামলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের
ক.বি.ডেস্ক: রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এর জাতীয় পর্ব। বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড এবং অনলাইন বাছাই পর্বের মাধ্যমে বাছাইকৃত প্রায় চারশো শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে।
শুক্রবার (২৮ আগস্ট) ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটি-এর উপাচার্য ড. আব্দুর রব। উপস্থিত ছিলেন বাংলাদেশি জিন বিজ্ঞানী, ধান গবেষক ও লেখক ড. আবেদ চৌধুরী; বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, এসিআই অদম্য মেধাবী প্রোগ্রামের নির্বাহি পরিচালক মো. শাহ আলম, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান এবং সাধারণ সম্পাদক ড. ফারসিন মান্নান মোহাম্মদী।
জাতীয় পর্বে মোট ৫৯ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে তিনটি ক্যাটাগরির সেরাদের সেরা ৩ জনকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াংশু ঋদ্ধি রায়; জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মাহির আরিব।
জাতীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করা হবে ১২তম বিডিজেএসও জাতীয় অনাবাসিক ক্যাম্প, যেখান থেকে টিম সিলেকশন টেস্টের মাধ্যমে ঘোষণা করা হবে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ৬ জনের বাংলাদেশ দল। যারা বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। জাতীয় ক্যাম্পটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ধানমন্ডির অফিসে।
এবারের ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। ন্যাশনাল হোস্ট আইইউবিএটি। প্লাটিনাম স্পন্সর আনিসুল হক ফাউন্ডেশন। সহযোগিতায় বিডিএএসএন, ম্যাসল্যাব, রকমারি ডটকম ও এসিআই অদম্য মেধাবী। জাতীয় পর্বের ফলাফল ও বিস্তারিত তথ্য www.bdjso.org এ।





