নগদ এর ‘কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা
ক.বি.ডেস্ক: দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখেরও বেশি উদ্যোক্তার (এজেন্ট) সন্তানদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ নামের এই প্রতিযোগিতাটির আয়োজন করছে নগদ ইসলামিক। ইতিমধ্যে প্রতিযোগিতাটি নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য পবিত্র রমজান মাসের মহিমা শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উৎসাহিত করা।
প্রতিযোগিতাটি মোট তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বিভাগে তিন থেকে ছয় বছর বয়সের শিশুরা অংশ নিতে পারবে। দ্বিতীয় বিভাগে অংশ নেবে ছয়-এর ওপর থেকে ১১ বছরের বাচ্চারা। আর তৃতীয় বিভাগের জন্য ১১-এর ওপর থেকে ১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণের নিয়ম
নগদের উদ্যোক্তারা তাদের সন্তানের পবিত্র কুরআন তিলাওয়াতের এক থেকে দুই মিনিটের একটি ভিডিও রেকর্ড করে নির্ধারিত গুগল ফর্ম লিঙ্কে আপলোড করবেন। আপলোডের সময় আরও কিছু প্রয়োজনীয় তথ্যও সেখানে প্রদান করতে হবে। এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবাসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য ভাগ করা দেশের ১০টি অঞ্চলের সকল নগদ উদ্যোক্তার সন্তানেরা নিজ নিজ অবস্থান থেকেই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় এ পর্যন্ত তিন হাজারেরও বেশি উদ্যোক্তার সন্তান প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রতিদিনই নিবন্ধনের অঙ্ক বৃদ্ধি পাচ্ছে। প্রাপ্ত সকল ভিডিও রেকর্ডগুলো নগদ ইসলামিক-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে বিচার-বিশ্লেষণের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণী থেকে তিন জন করে মোট ৯০ জনকে নির্বাচিত করা হবে। এরমধ্যে প্রতিটি অঞ্চলের প্রতি বয়স শ্রেণীর শুধু প্রথম হিসেবে মোট ৩০ জন প্রতিযোগী ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবে। আর দ্বিতীয় ও তৃতীয় হওয়া মোট ৬০ জনকে বিশেষ সনদ প্রদান করা হবে।
চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি বয়স শ্রেণী থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৯ জন জাতীয় পর্যায়ের বিজয়ী হবে। বিজয়ীদের আকর্ষণীয় নগদ অর্থ পুরস্কারের সঙ্গে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবে নগদ ইসলামিক। চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত ফাইনালিস্টের সঙ্গে তাদের একজন অভিভাবককে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাবে কর্তৃপক্ষ।





