দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ
ক.বি.ডেস্ক: ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ উন্মোচন করেছে। কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে তৈরি বাইক দুটি তৈরি করা হয়েছে নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের কথা বিবেচনায় রেখে।
বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মডেল দুটি উন্মোচন করেন রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি।
একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস)-এর চার্জের শতাংশ প্রদর্শনের সুবিধা রয়েছে, যা চালককে ব্যাটারির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়। এ ছাড়া রয়েছে ৮ ইঞ্চি ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যায়।
রাইড ডিফারেন্ট স্লোগানে উন্মোচিত ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’-এ মেকা অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি ব্যবহার করা হয়েছে। মডেল দুটি জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রীন এবং গ্লো রেড এই চারটি রঙে পাওয়া যাবে।
উভয় মডেলে ৭২ ভোল্ট ৩৫ এম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ-দক্ষতার পাওয়ারট্রেইন ব্যবহার করা হয়েছে। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার, আর রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। বাইক দুটি নগর যাতায়াতের জন্য পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।
রিভো সি৩৫-এর মূল্য ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। রিভো সি৩৫ ওয়াই-এর মূল্য ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। সীমিত সময়ের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট এবং একটি কীরিং। রিভো সি৩৫-ওয়াই কিনলে পাওয়া যাবে একটি হেলমেট, একটি টি-শার্ট এবং একটি কীরিং।





