চসিক-এর হোল্ডিং ট্যাক্স আদায়ে ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন
ক.বি.ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়াকে আরও আধুনিক, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ডিজিটাল পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন এই পদ্ধতির ফলে করদাতারা অত্যন্ত সহজে এবং নিরাপদে তাদের ট্যাক্স পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রিয়েল টাইম অ্যানালাইসিস এবং রিপোর্টিংয়ের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে কর আদায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
চসিক-এর বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় পদ্ধতিকে আধুনিক ও ডিজিটালাইজ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড এবং মাইলেজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় প্রক্রিয়াটি একটি অনলাইন প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে।
সম্প্রতি চসিক-এর কনফারেন্স হলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চসিক-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, বি-ট্র্যাক সলিউশন্সের সিইও এম তানভীর সিদ্দিক, হেড অব প্রজেক্ট সাফায়েত আব্দুল্লাহ, মাইলেজের এমডি আবরার রাফিদ চৌধুরী প্রমুখ।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রযুক্তি-চালিত প্রশাসন সময়ের দাবি। আমরা বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায় ব্যবস্থাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই, যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সহজে ও দক্ষতার সঙ্গে তাদের ট্যাক্স দিতে পারে। এই উদ্যোগের ফলে শুধু রাজস্ব আদায়ই বাড়বে না, বরং দুর্নীতি ও হয়রানিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। চসিক পর্যায়ক্রমে সকল প্রশাসনিক কার্যক্রম পূর্ণ অটোমেশনের আওতায় নিয়ে যাচ্ছে।”





