সাম্প্রতিক সংবাদ

‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’ প্রদর্শনীতে বিসিএস

ক.বি.ডেস্ক: ‘এআই টুগেদার’ স্লোগানে তাইওয়ানের রাজধানী তাইপের নানগ্যাং এক্সিবিশন সেন্টারে শুরু হলো চার দিনব্যাপী (২-৫ জুন) এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি পণ্যের প্রদর্শনী ‘‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’’। এবারের আয়োজনে সারা বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী সমাধান ও নতুন পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারের প্রদর্শনীতেও অংশগ্রহণ করছে বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর নেতৃবৃন্দ সহ ৪৫ সদস্যের দল।

চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা অংশগ্রগণ করছেন। তাদের সঙ্গে বাণিজ্যিক আলোচনা, ব্যবসায়িক নেটওয়ার্কিং, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে বিসিএস নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

‘কম্পিউটেক্স তাইপেই-২০২৬’ প্রদর্শনীতে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রতিনিধি দলে আরও রয়েছেন বিসিএস সহ-সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক মো. ইকবাল হোসাইন। সদস্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান, ক্রিয়েটাস কমপিউটারের ম্যানেজিং পার্টনার মো. সাইদুল ইসলাম, কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর সত্বাধিকারি মো. আমিনুল ইসলাম ইমন সহ ৩৭ সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

প্রদর্শনীতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং, রোবোটিক্স, স্মার্ট মোবিলিটি সহ অত্যাধুনিক প্রযুক্তি পণ্যের সর্বশেষ বৈশ্বিক উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। শিল্পখাতের পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেয়ার সক্ষমতার জন্য কম্পিউটেক্স বিশ্বব্যাপী স্বীকৃত। প্রযুক্তিগত উদ্ভাবন, নতুন পণ্য ও অত্যাধুনিক সমাধান প্রদর্শনের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে এটি নিজস্ব অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেয়া ১ হাজার ৫০০-এরও বেশি প্রদর্শক (এক্সিবিটর) তাদের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য, সমাধান এবং উদ্ভাবন প্রদর্শন করছে এই আয়োজনের মাধ্যমে। প্রদর্শনীতে দর্শনার্থীরা সর্বাধুনিক পণ্য সরাসরি পর্যালোচনা এবং উদীয়মান প্রযুক্তির প্রবণতা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করেছে তাইওয়ানের কমপিউটার ও প্রযুক্তি শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন তাইপেই কমপিউটার অ্যাসোসিয়েশন (টিসিএ) এবং তাইওয়ানের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সংস্থা তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (টাইট্রা)।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *