ইসিএস কমপিউটার সিটিতে চলছে ওয়েভসাইনের ছয় দিনব্যাপী নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শনী
ক.বি.ডেস্ক: রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ ইসিএস কমপিউটার সিটিতে শুরু হলো নিরাপত্তা প্রযুক্তি ও স্মার্ট ভিডিও সার্ভেইলেন্স সমাধান নিয়ে ছয় দিনব্যাপী ‘রোড শো’। এ আয়োজন চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত। নিরাপত্তা প্রযুক্তিপণ্য আমদানিকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়েভসাইন টেকনোলজি লিমিটেড এই ‘রোড শো’-এর আয়োজন করছে। ‘রোড শো’-তে তাইওয়ানের অত্যাধুনিক সিসিটিভি, অ্যাকসেস কন্ট্রোল, ফায়ার সেফটি ব্রান্ড এবং চীনের হাসপাতাল নার্স কলিং সিস্টেম, নেটওয়ার্কিং পণ্য প্রদর্শন করা হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) ইসিএস কমপিউটার সিটির উন্মুক্ত মঞ্চে ওয়েভসাইন টেকনোলজির ‘রোড শো’ উদ্বোধন করেন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর সহসভাপতি ও ইসিএস’র সভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু, ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)-এর সভাপতি মো. দিদারুল ইসলাম এবং ওয়েভসাইন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএস’র পরিচালক ও ইসিএস’র সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেইন; বিসিএস’র সাবেক কোষাধ্যক্ষ আনিসুর রহমান; ইএসএসএবি’র সাধারণ সম্পাদক নাইম উদ্দিন মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম; ইসিএস’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ইমন, আইটি সম্পাদক তানজিল হোসেইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল কাদির। অনুষ্ঠান পরিচালনা করেন ইসিএস’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাঈনউদ্দিন মজুমদার (সোহাগ)।
ছয় দিনব্যাপী (২৯ জুলাই-৩ আগস্ট) এই ‘রোড শো’-তে দর্শনার্থীরা অত্যাধুনিক সিসিটিভি, অ্যাকসেস কন্ট্রোল, ফায়ার সেফটি সিস্টেম, হাসপাতালের এআই-ভিত্তিক নার্স কলিং সিস্টেম, নেটওয়ার্কিং ডিভাইস এবং পেশাদার প্রকৌশলীদের জন্য বিভিন্ন টুলস হাতে-কলমে দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পণ্যের ব্যবহার, ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি ধারণা নেয়ার সুযোগও থাকছে।
প্রদর্শনীতে তাইওয়ানের হানদুরে (HUNDURE), হাই শার্প (HI SHARP), প্রো’সকিট (Pro’sKit) ও হরিং লিহ (HORING LIH) এবং চীনের মিইয়ি (MEEYI), রুই (HRUI) ও নেট্রোনিক্স (NETRONIX)-এর সর্বাধুনিক নিরাপত্তা ও নেটওয়ার্কিং প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল, এআই-সমর্থিত আইপি ক্যামেরা, ভিডিও সার্ভেইলেন্স সিস্টেম, ফায়ার অ্যালার্ম প্রযুক্তি, হাসপাতাল নার্স কলিং সিস্টেম, পিওই সুইচ, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং ডিভাইস, কেবল টেস্টিং ও ইলেকট্রনিক্স রক্ষণাবেক্ষণের পেশাদার টুলস।

বিসিএস’র সহসভাপতি মো. ওয়াহিদুল হাসান দিপু বলেন, “বাংলাদেশে স্মার্ট অবকাঠামো ও ডিজিটাল নিরাপত্তার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে ডিলার, সিস্টেম ইন্টিগ্রেটর এবং ব্যবহারকারীদের বাস্তব অভিজ্ঞতা দেয়ার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ইএসএসএবি’র সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, “নিরাপত্তা প্রযুক্তি এখন শুধু করপোরেট প্রতিষ্ঠান নয়, শিল্পকারখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনেরও অপরিহার্য অংশ। আন্তর্জাতিক মানের প্রযুক্তি একসঙ্গে প্রদর্শনের মাধ্যমে এই রোড শো নিরাপত্তা খাতের পেশাজীবীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করেছে। এতে দেশীয় নিরাপত্তা প্রযুক্তি শিল্প আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক প্রযুক্তির সঙ্গে আমাদের বাজারের সংযোগ আরও বাড়বে।”
ওয়েভসাইন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফ হাসান বলেন, “আধুনিক নিরাপত্তা প্রযুক্তির সঙ্গে আমাদের ডিলার, সিস্টেম ইন্টিগ্রেটর এবং গ্রাহকদের পরিচয় করিয়ে দিতেই এই রোড শো’র আয়োজন। এখানে দর্শনার্থীরা বিশ্বমানের বিভিন্ন ব্র্যান্ডের সর্বাধুনিক সিসিটিভি, অ্যাকসেস কন্ট্রোল, ফায়ার সেফটি ও নেটওয়ার্কিং পণ্যের লাইভ ডেমোনস্ট্রেশন দেখতে পারবেন। এ ধরনের আয়োজন প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা খাতের ব্যবসায়িক সম্ভাবনাও আরও সম্প্রসারিত করবে।”
আয়োজকদের মতে, রোড শো চলাকালে দর্শনার্থীদের জন্য থাকবে পণ্যের লাইভ ডেমোনস্ট্রেশন, বিশেষ অফার, প্রযুক্তিগত পরামর্শ এবং বিভিন্ন ব্র্যান্ডের নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ। আগামী ৩ আগস্ট পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।





