ইউআইটিএসে ডব্লিউএফকে আইটি অনলাইন ট্রেনিংয়ের সমাপনী
ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ তিন সপ্তাহব্যাপী ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডস কোরিয়া (ডব্লিউএফকে) ২০২৬’ আইটি অনলাইন ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন সপ্তাহের নিবিড় অনলাইন প্রশিক্ষণ, দলভিত্তিক প্রকল্প প্রণয়ন ও প্রকল্প প্রতিযোগিতা সম্পন্ন হয়। ইউআইটিএসের আইকিউএসি-এর উদ্যোগে এবং দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইনফরমেশন সোসাইটি এজেন্সি (এনআইএ)-এর সহযোগিতায় আইটি অনলাইন ট্রেনিংয়ের আয়োজন করা হয়।
সম্প্রতি ইউআইটিএস-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আল-ইমতিয়াজ।
এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে দক্ষিণ কোরিয়ার ডেজনভিত্তিক কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)-এর শিক্ষার্থী স্বেচ্ছাসেবক দল। প্রশিক্ষণ কর্মসূচিতে ইউআইটিএসের দুই ব্যাচের ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিন সপ্তাহের এ প্রশিক্ষণে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, পাইথন প্রোগ্রামিং, ভাইব কোডিং, আধুনিক এআই সহায়ক সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং বিভিন্ন উদীয়মান ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল দলভিত্তিক প্রকল্প প্রতিযোগিতা। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প তৈরি ও জমা দেন। পরে কেএআইএসটি-এর শিক্ষার্থী স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল প্রকল্পগুলো মূল্যায়ন করে। প্রকল্পের উদ্ভাবন, সৃজনশীলতা, প্রযুক্তিগত বাস্তবায়ন, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সামগ্রিক মান বিবেচনায় বিভিন্ন দলকে চারটি পুরস্কার বিভাগে মনোনীত করা হয়। বিভাগগুলো হলো গ্র্যান্ড প্রাইজ, এক্সিলেন্স অ্যাওয়ার্ড, মেরিট অ্যাওয়ার্ড এবং নিওবজুক অ্যাওয়ার্ড। অংশগ্রহণকারী ৭২ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
এবারের ডব্লিউএফকে আইটি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে কেএআইএসটি-এর স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের জিনহওয়া কিম, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ও স্কুল অব কম্পিউটিংয়ের হিউনজি হুহ, ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হিসাং শিন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মিশায়ে জুং।





