সাম্প্রতিক সংবাদ

অপতথ্যের হাত থেকে সুরক্ষা এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ক.বি.ডেস্ক: বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেয়া এখন অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে। ডিজিটাল ইকোসিস্টেমের পূর্ণাঙ্গ সুফল নিশ্চিত করতে একটি জনবান্ধব নীতি কাঠামো ও অবকাঠামোগত সংস্কার জরুরি। এখন অপতথ্য বা মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন থেকে সুরক্ষা পাওয়া মানুষের অধিকার। যদি আমরা এর সুরক্ষায় মনোযোগ না দিয়ে কেবল অবাধ তথ্য প্রবাহ নিয়ে কাজ করি; তবে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

আজ সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আইএসপিএবি- এর উদ্যোগে আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন।

‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। সভাপতিত্ব করেন আইএসপিএবি-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘আমরা কিছুদিন আগেও গণমাধ্যম বলতে যা বুঝতাম, এখনকার গণমাধ্যমের সংজ্ঞার সঙ্গে তার বিরাট গুণগত পার্থক্য তৈরি হয়েছে। এক সময় তথ্য প্রবাহের বাধা বা ‘প্রেস ফ্রিডম’ ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু এখন সমস্যা হচ্ছে- তথ্যের অপব্যবহার। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের বড় দায়িত্ব হলো ডিজিটাল ইকোসিস্টেমে জনবান্ধব নীতি ও ট্যাক্স কাঠামো নিশ্চিত করা। অ্যানালগ মানসিকতা থেকে ডিজিটাল মনোজগতে শিফট করা এখনো সম্ভব হয়নি বলেই ডিজিটাল ইকোসিস্টেমের সম্ভাবনাগুলোকে মানুষ বিচ্ছিন্নভাবে ব্যবহার করছে।’’

তিনি আরও বলেন, ‘‘নীতিগত ও প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা ডিজিটাল ইকোসিস্টেমের বিকাশে বড় প্রতিবন্ধকতা। সরকার, বিটিআরসি এবং সকল অংশীজন মিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে দ্রুত এই খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো সম্ভব হবে। যত দ্রুত সময়োপযোগী সংস্কার করা যাবে; তত দ্রুত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সকল উদ্যোক্তার পথ সুগম হবে এবং সাধারণ মানুষ ঘরে বসে সর্বোচ্চ সেবা পাবে।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *